নিটার মেরিট স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড, ২০২৪ প্রোগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

# General # Education

NITER Merit Scholarship and Financial Aid, 2024 এর  মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের পৃথক পৃথক বর্ষের  ২১৬ জন শিক্ষার্থীকে  মনোনীত করা হয়,  তন্মধ্যে  ২০২ জন কে ফাইন্যান্সিয়াল এইড ও ১৪ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৯ মার্চ ২০২৪ তারিখে নিটার এর মাননীয় পরিচালক ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, স্যারের সাথে শিক্ষার্থীদের   একটি মতবিনিময় সভা অনুষ্ঠীত  হয়।  উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, নিটারের রেজিস্ট্রার সাহেব এবং  বৃত্তি সংশ্লিষ্ট  কমিটির সদস্যবৃন্দ।

মাননীয় পরিচালক শিক্ষার্থীদের তাদের অর্জিত মেধাবৃত্তি, আর্থিক সহযোগীতা ধরে রাখার জন্য অধ্যয়ন এ মনোযোগী হবার  ব্যাপারে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন ছাত্রজীবনে অধ্যবসায় ছাড়া অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব।  সময়কে গুরুত্ব দিয়ে সঠিক নিয়মে পড়াশোনা করে ভবিষ্যতের কর্মজীবনের পরিকল্পনা গ্রহণ করতে হবে।  এসময় পরিচালক মহোদয় তার ছাত্রজীবনের বিভিন্ন ঘটনাবলী স্মৃতিচারণ করেন এবং হোস্টেলে  অনেকের মাঝে একসাথে  থেকে   নিয়মতান্ত্রিক  অনুশীলনের মাধ্যমে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে মানুষের জন্য কাজ করা যায়,  অন্যের জন্য সমাজের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এ ব্যাপারে  শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।  অনুজ এবং অগ্রজ ব্যাচ গুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের মতামত ও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। গ্রাজুয়েশনের আগে মক টেস্ট ও ইন্টারভিউ সেশন এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করে জব সেক্টরে পাঠানোর ব্যাপারে তিনি তার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ এর মধ্য দিয়ে পরিচালক মহোদয় তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের শুরুতে উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মো: মু্হসিন উল হক, সহকারী অধ্যাপক, নিটার, বৃত্তিপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান এবং নিটার এর ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে নিজদেরকে গড়ে তোলার তাগিদ দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মো: আশিকুর রহমান, সহকারী অধ্যাপক, নিটার শিক্ষার্থীদের জানান গত বছর ২০২৩ সালে নিটার মোট ৭৮ জনকে মেধাবৃত্তি ও আর্থিক সহযোগীতার আওতায় আনতে পেরেছিল, যার তুলনায় এবারের সংখ্যা অনেক বেশি,  এসময় তিনি এ ব্যাপারে পরিচালক মহোদয়ের  বিশেষ অবদানের কথা তুলে ধরেন। এবছর বৃত্তি ও আর্থিক সহযোগীতার নিমিত্তে প্রদেয় অর্থ ২৩ লক্ষ ৪৪ হাজার ৮৫০ টাকা বলে জানান তিনি। স্কলারশিপ কমিটির অন্যতম সদস্য মৌসুমি রায়, প্রভাষক, নিটার,  একাডেমিক কারণে ট্রেনিং এ থাকায় তার নিরলস পরিশ্রমের কথা স্মরণ করে তাকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।