টেক্সটাইল শিল্পে নেতৃত্ব দিবে নিটার শিক্ষার্থীরাই: বিটিএমএ প্রেসিডেন্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর
শিক্ষার্থীরাই টেক্সটাইল শিল্পে নেতৃত্ব প্রদান করবে বলে মন্তব্য করেছেন ‘বাংলাদেশ
টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)’ এর প্রেসিডেন্ট ও নিটার গভর্নিং বডির
চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।
সোমবার নিটারের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত
শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টশন প্রোগ্রামে’ তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী খোকন বলেন, নিটারে আজ যারা ভর্তি হয়েছে আগামী দিনে তারাই
একদিন টেক্সটাইল শিল্পে নেতৃত্ব প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিটারে
যারা ভর্তি হয়েছে তাদের সিদ্ধান্তে কোন ভুল নেই, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিটারের ৯টি
ব্যাচের গ্রাজুয়েটদের মধ্যে একজন গ্রাজুয়েটও বেকার নেই। আমি বলেছি যদি নিটারের একজন
গ্রাজুয়েটও বেকার থাকে তাহলে তার সিভি বিটিএমএ অফিসে পাঠিয়ে দিলে আমি ৪৮ ঘন্টার
মধ্যে তার চাকুরীর ব্যবস্থা করে দিব।
তিনি আরো বলেন, একজন টেক্সটাইল
ইঞ্জিনিয়ারকে বৈচিত্রময় প্রকৌশল শিল্প সম্পর্কে জানতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব
ও অটোমেশন মেশিনারিজ সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি সিএসই ও ইইই বিভাগ চালু
করা হয়েছে। একইসাথে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যাতে সঠিকভাবে কস্টিং, প্লানিং, প্রোডাকশন ক্যালকুলেশন করে ইন্ডাস্ট্রিকে
নেতৃত্ব দিতে পারে সেই জন্য স্নাতকোত্তর পর্যায়ের এমবিএ কোর্সও নিটারে চালু করা
হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্
আলিমুজ্জামান এবং
বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট মোঃ ফজলুল হক, বিটিএমসি’র পরিচালক হাওলাদার মোঃ রকিবুল বারী,
বস্ত্র ও পাট মন্ত্রণালয়’র
উপ-সচিব মোঃ আলমগীর হোসেন, বিটিএমএ’র ভাইস
প্রেসিডেন্ট মোঃ সালেউদ্দ জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিটারের পরিচালক
অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, নিটারে আজকে যারা
প্রথম বর্ষে পা রেখেছে, যারা ইঞ্জিনিয়ার
হতে এসেছে তারা আসলেই ভাগ্যবান। পরবর্তীতে বাস্তব কর্মক্ষেত্রে নিয়ে নিটারের
শিক্ষার্থীদের চিন্তা করার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। আমার জানা মতে
বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে শিল্পদোক্তা
ও বিটিএমএ’র প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টগণ চাকুরীর প্রতিশ্রুতি দেয় এমন আর কোন
প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই।
বিশেষ অতিথির বক্তব্যে বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট মোঃ ফজলুল হক বলেন, বিটিএমএ'র তত্ত্বাবধানে নিটার টেক্সটাইল শিল্প
প্রতিষ্ঠানে দক্ষ জনবল তৈরীর মাধ্যমে দেশের সামগ্রীক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। এছাড়াও বিটিএমএ’র অপর ভাইস-প্রেসিডেন্ট মোঃ সালেউদ্দ জামান খান বলেন বাস্তবধর্মী
শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা কার্যক্রমকে
সেভাবে সাজাতে হবে। শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি প্রস্তুত আছে, তাই তাদেরকে শিক্ষা ও গবেষণার পাশাপাশি ইন্ডাস্ট্রির নতুন টেকনোলজি
সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
বিটিএমএ ২০০৯ সালে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নের জন্য নিটার
পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে এবং দক্ষ জনবল তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে।