নিটারে 'বঙ্গবন্ধু ও তৎকালীন আন্তর্জাতিক বিশ্ব' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

# General # Education

জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  'বঙ্গবন্ধু ও  তৎকালীন আন্তর্জাতিক বিশ্ব' শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।

ইন্সটিটিউটের  কনফারেন্স রুমে ২০ আগস্ট (রোববার) দুপুর পরে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিটার গভার্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদের সভাপতিত্ত্বে  আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, যিনি শামীম রেজা নামে পরিচিত। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী খোকন বলেন, বাঙালির মুক্তির আন্দোলনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীন করেছিলেন তখন কিছুই ছিল না, তিনি তার মেধা সততা আর দক্ষতা দিয়ে যুদ্ধবিদ্ধস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছিলেন কূটনৈতিক সফলতা আর দক্ষতা। অল্প সময়েই অর্জন করেছিলেন জুলিও কুরির মত পদক।

বঙ্গবন্ধুর  অর্জন দেশী বিদেশী শত্রুর গাত্রদাহ হয়ে পড়েছিলো, পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। যারা এদেশকে চায়না, দেশকে অস্বীকার করে তারাই জ্ঞানপাপী। পঞ্চাশ বছরে বাংলাদেশ একটি অবন্থান নিয়েছে, অর্থনীতির আকার বড় হয়েছে, ৩৬তম  অর্থনীতির দেশ হয়েছে, অদম্য গতিতে এগিয়ে চলছে। তার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে মনে করেন নিটার গভার্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।

প্রধান বক্তা অধ্যাপক ড.  মো. রেজাউল ইসলাম তার বক্তব্যে আন্তর্জাতিক ও কূটনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের দক্ষতা ও প্রজ্ঞার কথা তুলে ধরেন। বিভিন্ন দেশের স্বীকৃতি পাওয়া যে কত কঠিন ছিল, আর তা অর্জন করা বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে হয়েছিলো বলে মনে করেন অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম।

সভাপতির বক্তব্যে নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ বলেন,  বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল কল্পনার বাহিরে। তিনি শুধু স্বপ্নদ্রষ্টা ছিলেন না, মুক্তিকামী জনতার জন্য সব কিছু করে গেছেন। দুভাগ্য বাঙালি জাতির তারা তাদের প্রাণ পুরুষকে ধরে রাখতে পারেনি। এই শূণ্যতা কখনো পূরণ হওয়ার  নয়।

বর্তমান সময়ে কিছু লোক বঙ্গবন্ধুর নামের অপব্যবহার করে ফায়দা লুটছে, তাই যত্রতত্র বঙ্গবন্ধুর নামের অপব্যবহার বন্ধে বঙ্গবন্ধুর নামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একটি 'কমিশন' করতে সরকারের নিকট আহবান জানান।